বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে মুদি দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটের মিজান স্টোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত মিজান আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকানে বেচাকেনায় ব্যস্ত থাকার সময় মুখোশ পরা ২০-২৫ জনের একটি সশস্ত্র দল সেখানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, মিজান জামায়াতে ইসলামীর একজন সমর্থক। ২০২০ সালেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন। এবারের হামলায় নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দীন জানান, অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment