COP31-এর বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ইশতিয়াক উদ্দিন খান
জলবায়ু অভিবাসী শিশুদের শিক্ষা ও পরিবেশবান্ধব বাংলাদেশি পণ্য তুলে ধরলেন আন্তর্জাতিক সম্মেলনে
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ তুরস্কের আনতালিয়ায় অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রস্তুতি, চলমান কার্যক্রম এবং সম্মেলনকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দেশীয়ভাবে তৈরি পরিবেশবান্ধব পণ্য এবং পাটজাত সামগ্রী প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্যাভিলিয়নে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশবান্ধব পণ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে দেশীয় পাটজাত পণ্য এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রচেষ্টা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
Go Up Foundation বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও জলবায়ু অভিবাসী পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি।
এ ছাড়া Community Learning Hub, Community Livelihood এবং Community Development—এই তিনটি প্রধান উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জীবিকার সুযোগ সৃষ্টি এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ঐতিহ্য, সম্ভাবনা ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, জলবায়ু অভিবাসী পরিবার এবং শিশুদের শিক্ষা ও জীবিকার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, তরুণদের নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণও জরুরি।
COP31-এ Go Up Foundation-এর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠন এবং টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে সংগঠনটি।
উল্লেখ্য, Go Up Foundation একটি কমিউনিটিভিত্তিক উন্নয়নমূলক সংগঠন। শিক্ষা, জীবিকা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক, সক্ষম ও টেকসই সমাজ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment