কোম্পানীগঞ্জ সরকারি কলেজের নবীন বরণে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণিতে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ, নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি আরাফাত হোসেন সিফাত এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ নিশাত। শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল হক এবং নোয়াখালী দক্ষিণ জেলা ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক শাকিল হোসেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন আশিক। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠা। কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা, প্রযুক্তির ইতিবাচক চর্চা এবং মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকা জরুরি। একই সঙ্গে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষাঙ্গনে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আলোচনায় অংশ নেন। এ সময় শিক্ষক, সাংবাদিক এবং জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আল আমিন শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে। পরে নবীন শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment