কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ
নবজ্যোতি রিপোর্ট ডেস্কঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ আগস্ট বিকেলে কোম্পানীগঞ্জ থানার আয়োজনে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের সভাপতিত্বে এবং এসআই টিপু চন্দ দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।সমাবেশ শেষে বসুরহাট বাজারের প্রধান সড়ক থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়।
র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেল, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূইয়া বাবু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment