কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম:
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ‘উদয় বৃত্তি ২০২৬’-এর শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার ১৮ জুলাই সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মামুনুর রশীদ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘উদয় বৃত্তি’ প্রোগ্রাম প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ।
শিক্ষা বিস্তারের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উদয় এইড ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ স্বপ্নকে আরও শক্তিশালী করবে।
বক্তারা আরও বলেন, একটি বৃত্তি একজন শিক্ষার্থীর হাতে শুধু আর্থিক সহায়তা তুলে দেয় না, বরং তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে, স্বপ্নকে লালন করে এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। তাই মেধার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে
একই সঙ্গে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মুসা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাকছুদা গার্লস স্কুলের দুই শিক্ষার্থী।পরে ‘উদয় বৃত্তি ২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগাতেই উদয় এইড ফাউন্ডেশনের এ উদ্যোগ।
ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment