কোম্পানীগঞ্জের সড়ক উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণ, সড়ক মেরামত ও সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ফখরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর ২০২৬ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ফখরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী ওয়ালিউল ইসলাম।
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় চলমান ও প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্প, গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সংস্কার এবং সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. ফখরুল ইসলাম বলেন, এলাকার সড়ক উন্নয়ন ও কাঁচা রাস্তা পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও আফরোজা ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার বক্তব্য দেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়নকাজের নিম্নমান নিয়ে অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি, নির্মাণের মান নিশ্চিত করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সংস্কার করা হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।
পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment