সেনবাগে সেতুর ওপর অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু, নেশা সেবনের সন্দেহ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকায় সেতুর ওপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মো. আরমান মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তাঁকে হাবিব উল্যার দোকানের পাশের সেতুর ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর ওপর এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমান মিয়া সেনবাগ উপজেলার উত্তর সাহাপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম সারে জাহান।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment