চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আটজন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
এদিকে, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর বেলা ৩টায় বসুরহাট পৌর মিলনায়তনে ৩ নং চরহাজারী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকারীরা হলেন,নুরুল ইসলাম বাবু, হারুনুর রশীদ ভূঁইয়া, আবুল কালাম আজাদ, নুর নবী বাবুল, কাজী মোহাম্মদ আলমগীর, সুমন মেম্বার, মো. ইমাম হাসান স্বপন ও শেখ ফরিদ দুলাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের নেতা আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দল যাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত করবে, সবাইকে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান।
এ সময় বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
চরহাজারী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তির প্রার্থিতা ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নির্বাচনী তৎপরতা বাড়ছে। তবে ঘোষিত আট প্রার্থীর মধ্যে কে বিএনপির দলীয় মনোনয়ন পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment