ফেনী-৩ আসনে হাতপাখার প্রার্থী সাইফ উদ্দিন শিপনের গণসংযোগ ও অফিস উদ্বোধন:
নব জ্যোতি অনলাইন ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন ব্যাপক গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেছেন।
এ উপলক্ষে দাগনভূঞা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
গতকাল দাগনভূঞা উপজেলার কোরাইশ মুন্সি বাজার, রগুনাথপুর, দরবেশের হাট বাজার, অলাতলি, সিন্দুরপুর, রাজাপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন এবং পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিটি স্থানে স্থানীয় জনগণের সঙ্গে প্রার্থী সরাসরি মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন বলেন,দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এসেছে।
ফেনী-৩ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। আমি নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক সমাজ গঠনে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণমূলক রাজনীতিই আমাদের লক্ষ্য। হাতপাখা প্রতীক শান্তি, শুদ্ধতা ও কল্যাণের প্রতীক। জনগণ যদি আমাদের পাশে থাকে, তবে এ অঞ্চলে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
পথসভাগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বই দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নৈতিক ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ ফেনী-৩ আসনে একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment