বিশ্ব ডায়াবেটিস দিবস,প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয়:
মুঃইব্রাহীম খলিল জসিম
ডায়াবেটিস বর্তমান বিশ্বে এক নীরব মহামারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি শুধু শারীরিক অসুস্থতাই নয়, বরং একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কর্মক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগের বিস্তার রোধে প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।
এবারের প্রতিপাদ্য,ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার অথবা ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ বা প্রাথমিক পদক্ষেপ, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং দ্রুত সচেতন হওয়ার তাগিদ দেয়।
দিবসটির প্রেক্ষাপট ও ইতিহাস
১৯৯১ সালে বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের ক্রমবর্ধমান প্রকোপ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যৌথভাবে ১৪ নভেম্বরকে 'বিশ্ব ডায়াবেটিস দিবস' হিসেবে ঘোষণা করে। এই দিনটি নির্ধারণ করা হয়েছিল স্যার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিনের স্মরণে, যিনি ১৯২২ সালে চার্লস বেস্টের সাথে মিলে ডায়াবেটিসের চিকিৎসায় জীবনরক্ষাকারী হরমোন ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
প্রাতিষ্ঠানিকভাবে দিবসটি গুরুত্ব লাভ করে ২০০৭ সালে, যখন এটি জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। অত্যন্ত গর্বের বিষয় হলো, ২০০৬ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশের উদ্যোগেই জাতিসংঘে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল, যা বিশ্বমঞ্চে ডায়াবেটিস প্রতিরোধে বাংলাদেশের সক্রিয় ভূমিকার সাক্ষ্য দেয়।
বর্তমান পরিস্থিতি: বৈশ্বিক ও বাংলাদেশি প্রেক্ষাপট
বর্তমানে ডায়াবেটিস একটি ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা। আধুনিক ও যান্ত্রিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত দেশের তালিকার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে পৃথিবীর সপ্তম দেশ হিসেবে চিহ্নিত। এই পরিসংখ্যান আমাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং বা সতর্কবার্তা স্বরূপ। বিশেষ করে শহুরে জনগোষ্ঠীর পাশাপাশি গ্রামাঞ্চলেও এর বিস্তার দিন দিন বেড়েই চলেছে, যা ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য খাতের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।
প্রতিরোধ ও করণীয়
যদিও ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, তবে সঠিক জীবনযাত্রা এবং সচেতনতার মাধ্যমে একে অনেকাংশেই প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে আমাদের প্রধান করণীয়গুলো নিচে আলোচনা করা হলো:
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা: ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় টের পাওয়া যায় না। তাই নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। 'প্রাথমিক পদক্ষেপ' হিসেবে সময়মতো রোগ নির্ণয় করতে পারলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব।
জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাস: ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং চর্বিযুক্ত খাবার পরিহার করে সুষম ও পুষ্টিকর ডায়েট মেনে চলতে হবে। শাকসবজি, ফলমূল এবং আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।
শারীরিক পরিশ্রম ও ব্যায়াম: নিয়মিত হাঁটা, দৌড়ানো বা হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা দরকার। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর ডায়েট, সুশৃঙ্খল জীবনযাত্রা এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫০% থেকে ৭০% ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
মানসিক চাপ মুক্ত থাকা: অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি।
ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ জয় করতে হলে কেবল চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলেই চলবে না, বরং ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। এবারের প্রতিপাদ্যের সাথে মিল রেখে আমাদের দৃঢ় অঙ্গীকার হওয়া উচিত,সুস্থ জীবনধারা বেছে নেওয়ার মাধ্যমে ডায়াবেটিসকে প্রতিরোধ করা এবং একটি সুস্থ ও সবল জাতি গঠন করা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment