কোম্পানীগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণসভা ও শিক্ষা উপকরণ বিতরণ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ ও মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণসভা, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী হেলাল উদ্দিন ভূঞা। এফবিএম ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক এম. শরীফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মেরিন অফিসার খালেদ আবু জোবায়ের, এফবিএম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা দেলোয়ার হোসেন মুন্না, সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার এবং সাংবাদিক আবদুল আজিজ সায়েম।
বক্তারা বলেন, মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও মানবিক গুণসম্পন্ন শিক্ষক। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শের আলোকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মরহুম ফারুক ভূঞার আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
পরে মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রধান মাওলানা আশরাফ আলী।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment