।।শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি ও আমাদের কিশোর সমাজের ভবিষ্যৎ।।
লেখক- মেছবাহ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক
পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের সময় সম্পর্কে তথ্য নিলে দেখা যায়-তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলে সকাল ৮:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ক্লাব কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা নিজের আগ্রহ অনুযায়ী খেলাধুলা, সংগীত, ক্যালিগ্রাফি, বিজ্ঞান বা সাংস্কৃতিক দলে যুক্ত হয়। শুধু তাই নয়, প্রথম পর্বেও পাঠ্যবইয়ের জ্ঞানার্জনের পাশাপাশি দৈনন্দিন শৃঙ্খলা, সম্মিলিত দুপুরের খাবার এবং নিজের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে তারা তাদের দেশের শিশু-কিশোরদের স্বাবলম্বিতা ও দায়িত্ববোধ তৈরি করে।
অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা শিক্ষকরা কেন যেন সময় কমানোর জন্যই বেশি উদগ্রীব। আমাদের দেশের হাতেগোনা কিছু প্রাইভেট প্রতিষ্ঠান ছাড়া সরকারি কিংবা এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে উন্নত দেশের মতো এই দ্বিতীয় পর্বের কোনো নজির নেই, যেখানে শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টা পর্যন্ত স্কুলের গঠনমূলক কার্যক্রমে যুক্ত থাকবে।
তার ওপর এখন শিক্ষকগণ আওয়াজ তুলছেন, স্কুল টাইম যেন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়। অথচ বাস্তবতা হলো, বর্তমানে শিশু-কিশোররা পরিবারের কোনো কথাই শুনতে চায় না। এমতাবস্থায় যদি স্কুল টাইম দুপুর ২টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়, তবে শিক্ষার্থীরা দুপুরের পর না থাকছে স্কুলে, আর না ফিরছে পরিবারে-সন্ধ্যা পর্যন্ত তারা বাইরেই ঘুরে বেড়াবে। এই দীর্ঘ অবসর ও নজরদারিহীন সময়ে তাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর ফলে তথাকথিত 'কিশোর গ্যাং' নামক শব্দের ছড়াছড়ি আরও ব্যাপক হারে বাড়বে এবং সমাজে চরমভাবে সামাজিক অবক্ষয় দেখা দেবে।
তাই সময় কমানোর দাবি নয়, বরং শিশু-কিশোরদের সুরক্ষা, নৈতিকতা ও সুস্থ বিকাশের স্বার্থেই শিক্ষাপ্রতিষ্ঠানের সময় ও সহশিক্ষা কার্যক্রমকে আরও অর্থবহ ও বিস্তৃত করার কথা ভাবা জরুরি। একটি নৈতিক ও সুস্থ সমাজ বিনির্মাণে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ের কার্যক্রম অত্যন্ত প্রথম সারির কাজ। আগামী ১০ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করে দেখুক সংশ্লিষ্ট মহল-যেখানে শিক্ষার্থী স্কুলেই সব শিখবে এবং বাড়িতে কোনো পড়ার চাপ থাকবে না।
এই পরিকল্পনায় বিদ্যালয়ের পরিবেশেই একজন শিক্ষার্থী জীবনের প্রতিটি মৌলিক ও নৈতিক অভ্যাস হাতে-কলমে শিখবে-কীভাবে খাবার খাবে, কীভাবে ও কখন ঘুমাবে, কীভাবে জামা পরিধান করবে, কীভাবে স্নান করবে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এর পাশাপাশি বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সত্য বলা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা, গাছের যত্ন নেওয়া এবং নিজের রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করার মতো মানবিক গুণাবলিও প্রতিদিনের চর্চার মাধ্যমে গড়ে উঠবে। আর বাড়িতে অভিভাবকরা কোনো পড়ার চাপ না দিয়ে কেবল স্নেহ ও আন্তরিকতার সাথে লক্ষ্য রাখবেন, স্কুলে শেখা এই ভালো অভ্যাসগুলো সন্তান ঠিকমতো পালন করছে কি না।
শিক্ষক ও অভিভাবকের এই সমন্বিত প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের কিশোর সমাজ বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং আগামী এক দশকে আমরা একটি সৎ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতাসম্পন্ন আলোকিত প্রজন্ম উপহার পাব।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment