বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মামলায় হাজিরা দিতে গেলে আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, গত ২৭ এপ্রিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছয়ানী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিজ দলের একজন কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদেরও আসামি করা হয়।
গ্রেপ্তার চার জামায়াত কর্মী হলেন—মোহর আলী, নুর নবী, খোকন ও নুর মোহাম্মদ। একই মামলায় ইসলামী ছাত্রশিবিরের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের দলীয় নেতাকর্মীদের দাবি, ২৭ এপ্রিলের সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অভিযোগ, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।
তাদের প্রশ্ন, একটি দলের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কী এবং তাদের সম্পৃক্ততার প্রমাণ কোথায়? তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা না করে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ যাচাই করা প্রয়োজন।
সংশ্লিষ্টরা মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, ২৭ এপ্রিলের সংঘর্ষে কারা জড়িত ছিলেন, কে বা কারা গুলি চালিয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রকৃত কারণ কী,এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া জরুরি।
তাদের মতে, অপরাধী যে দলেরই হোক, প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিরোধের কারণে হয়রানি বা গ্রেপ্তার করা হলে তা আইনের শাসনের পরিপন্থী।
প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর যারা নিরপরাধ, তাদের যেন অযথা মামলায় জড়িয়ে হয়রানি করা না হয়।
গ্রেপ্তার ছয় নেতাকর্মীর বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত না হলে তাদের মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment