আদালতে মামলা চলমান, বসুরহাটে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ
মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় নারীর লিখিত আবেদন; পুলিশের হস্তক্ষেপে আপাতত বন্ধ নির্মাণকাজ
নব জ্যোতি নিউজ ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ২০১ শতাংশ ওয়ারিশি সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কহিনুর বেগম নামে এক নারী।
অভিযোগে আবুল কালামসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বসুরহাট-কবিরহাট সড়কসংলগ্ন চরকাঁকড়া মৌজায় ১১টি দাগে মোট ২০১ শতাংশ জমির মালিকানা দাবি করছেন কহিনুর বেগম ও তাঁর ভাইয়েরা। তাঁদের দাবি, ওয়ারিশ সূত্রে পাওয়া ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন।
কহিনুর বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি ও তাঁদের হুমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস আগে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন তাঁরা। এতে বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর স্বজনদের মারধর এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে জমি নিয়ে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যেকোনো সময় সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন কহিনুর বেগম। এমনকি ওই জমিতে গেলে প্রাণ নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
কহিনুর বেগম ও তাঁর স্বজনদের দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে ২৬/২০১৮ নম্বর মামলা বিচারাধীন রয়েছে। তাঁদের প্রশ্ন, মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে কীভাবে ভবন নির্মাণের কাজ শুরু হলো? স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁরা থানার দ্বারস্থ হয়েছেন বলে জানান।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবুল কালাম, নিজাম উদ্দিন ফারুক, আবুল খায়ের, হাবিবুর রহমান, বেলাল আহম্মদ, আল্য উদ্দিন, সামছুনউদ্দিন ও মাঈন উদ্দিনসহ মোট ৯ জন। তাঁদের ঠিকানা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসেম মেনশন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে জমিটির অবস্থান হিসেবে কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার চরকাঁকড়া মৌজার সিএস খতিয়ানের ২৭, ২৮, ৭০, ৭২, ৭৫, ৭৬, ৭৮, ৮২, ১৭৪, ২০৮ ও ২০৯ নম্বর দাগ এবং বিএস ১৯৪৮৩ নম্বর দাগ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই সুমন দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আপাতত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ হলেও জমির মালিকানা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন অভিযোগকারীর স্বজনেরা।
কহিনুর বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত, তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং আদালতে বিচারাধীন মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিরোধপূর্ণ সম্পত্তিতে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment