শেকড়হীন প্রজন্ম ও আমাদের যৌথ দায়,এক গভীর সামাজিক সংকট
মুঃইব্রাহীম খলিল জসিম
আমাদের চোখের সামনে এক অদ্ভুত ও উদ্বেগজনক রূপান্তর ঘটে চলেছে। আমরা এমন একটি প্রজন্মকে বড় হতে দেখছি, যারা প্রযুক্তির আলোয় উদ্ভাসিত হলেও ভেতরের অন্তরে বিবর্ণ ও শেকড়হীন। আজকের তরুণ সমাজ এক গভীর লক্ষ্যহীনতা, অস্থিরতা এবং নৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। যে বয়সে দুরন্তপনা, মাঠের খেলাধুলা, বইয়ের পাতা উল্টে বিশ্বজয় করার স্বপ্ন দেখার কথা, সে বয়সে তারা বন্দি হয়ে পড়েছে ফিজিক্যাল স্ক্রিন আর কৃত্রিমতার চার দেওয়ালে। এই সংকট কেবল একটি বিশেষ বয়সের বা প্রজন্মের নয়; এটি আমাদের সামগ্রিক পরিবার ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা এবং সামাজিক কাঠামোর এক যৌথ ব্যর্থতার ফল।
ভার্চুয়াল দুনিয়া ও লক্ষ্যহীনতার বেড়াজাল
আজকের এই প্রজন্মের বড় একটি অংশের সুনির্দিষ্ট কোনো আদর্শিক মিশন বা দীর্ঘমেয়াদি লক্ষ্য নেই। তাদের জীবন যেন অনেকটাই উদ্দেশ্যহীন। সারারাত জেগে অনলাইনে কাটানো এবং সকালবেলা ঘুমিয়ে কাটানো তাদের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য দেখার ফুরসত তাদের নেই; তাদের সূর্যোদয় হয় বিছানায় শুয়ে স্মার্টফোনের স্ক্রিনে চোখ রেখে, আর সূর্যাস্ত হয় ফেসবুক স্ক্রোলিং কিংবা পাবজি-ফ্রি ফায়ারের মতো আসক্তিমূলক অনলাইন গেমে মগ্ন থেকে।
মাঠে গিয়ে বিকেলে গোল হয়ে খেলাধুলা করা, বৃষ্টিতে ভেজা, কাদা-মাটি আর ঘাসের সঙ্গে সখ্য গড়া,এসব আজ তাদের কাছে রূপকথার গল্প। সামান্য দূরত্বে হেঁটে যাওয়ার বদলে দীর্ঘ সময় রিকশার জন্য অপেক্ষা করা কিংবা একটু শারীরিক পরিশ্রম বা ঘাম ঝরানোর নাম শুনলেই তাদের মধ্যে যে অনীহা ও বিরক্তি তৈরি হয়, তা তাদের শারীরিক ও মানসিক স্থবিরতারই প্রমাণ।
নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের পতন
শারীরিক নিষ্ক্রিয়তার পাশাপাশি এই প্রজন্মের আচরণগত ও মূল্যবোধের জায়গাটায় মারাত্মক ধস নেমেছে। গুরুজন ও পরিচিত-অপরিচিত সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শনের যে আবহ আমাদের সমাজে যুগ যুগ ধরে ছিল, তা আজ প্রায় অনুপস্থিত। সালাম বা অভিবাদনের শিষ্টাচারটুকুও অনেকে ভুলে গেছে। পাবলিক বাসে কিংবা জনসমাগমে বয়সে জুনিয়রদের মধ্যে আসন পাওয়ার যে অন্ধ প্রতিযোগিতা এবং বয়োজ্যেষ্ঠদের দাঁড়িয়ে রেখে ধাক্কাধাক্কি করে বসে পড়ার প্রবণতা দেখা যায়, তা অত্যন্ত বেদনাদায়ক।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এদের মধ্যে আত্মোপলব্ধি বা ভুল স্বীকারের প্রবণতা নেই। যে মজলিসে বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞদের শোনার কথা, সেখানে তারা নিজেদের জাহির করতে ব্যস্ত থাকে। একটু সংযত হওয়ার বা ভালো উপদেশ দিতে গেলে উল্টো নাজেহাল হওয়ার বা উদ্ধত আচরণের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়। নমনীয়তা, বিনয়, কৃতজ্ঞতাবোধ এবং শৃঙ্খলার চরম ঘাটতি এই প্রজন্মকে সমাজ থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন করে দিচ্ছে।
সাহিত্য, সংস্কৃতি ও শেকড়বিচ্ছিন্নতা
জ্ঞানচর্চা ও মননশীলতার জগৎ থেকেও এই প্রজন্ম আজ অনেক দূরে। তারা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা ফররুখ আহমেদের মতো মনীষীদের নাম তাদের কাছে অচেনা। সুফি সাধক সাদী, রুমি কিংবা হাফিজের উদার মানবিক দর্শন তো দূরের কথা, সাধারণ বইয়ের গন্ধ নেওয়ার সৌভাগ্যও তাদের হয় না। ফাস্টফুডের কৃত্রিম স্বাদ আর ভার্চুয়াল বিনোদনের বাইরে সাহিত্য বা শিল্পরীতি তাদের মনে কোনো রেখাপাত করে না। ফলে একদিকে যেমন তারা শারীরিক ও মানসিকভাবে নন-স্কিলড বা অদক্ষ হয়ে উঠছে, অন্যদিকে তাদের মননশীলতার জগৎও হয়ে পড়ছে শূন্য।
অভিভাবক, শিক্ষাব্যবস্থা ও সমাজের দায়
এই করুণ পরিস্থিতির জন্য শুধু তরুণ প্রজন্মকে এককভাবে দায়ী করলে সত্যের অপলাপ হবে। এর পেছনে আমাদের অভিভাবক সমাজ, শিক্ষাব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশের সমান দায় রয়েছে।
প্রথমত, ব্যস্ততার অজুহাতে আমরা বাবা-মায়েরা সন্তানদের পর্যাপ্ত সময় দিচ্ছি না। তাদের নৈতিকতা, শিষ্টাচার এবং জীবনবোধ শেখানোর কাজটি আজ আমরা গৌণ করে ফেলেছি।
দ্বিতীয়ত, কেউ যদি আমাদের সন্তানদের ভালো কোনো উপদেশ দেয় বা ভুল শুধরে দিতে চায়, তবে আমাদের ইগো বা আত্মসম্মানবোধে আঘাত লাগে। আমরা সন্তানের অন্ধপক্ষ নিয়ে সমাজে বিভেদ বাড়িয়ে তুলছি।
তৃতীয়ত, আমাদের সমাজ থেকে পারস্পরিক মেলামেশা, সামাজিক মেলবন্ধন এবং যৌথ পরিবারের উষ্ণতা হারিয়ে গেছে। রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থাও প্রাতিষ্ঠানিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে মানবিক মানুষ তৈরির ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
একটি জাতিকে ধ্বংস করার জন্য বোমা মারার প্রয়োজন হয় না, তার শেকড় ও মেরুদণ্ড ভেঙে দিলেই যথেষ্ট। আজকের এই অস্থির ও লক্ষ্যহীন প্রজন্ম আমাদের সেই অশনিসংকেতই দিচ্ছে। সময় এখনো ফুরিয়ে যায়নি। যদি আমরা এখনি সজাগ না হই, তবে এই অদূর ভবিষ্যতের খেসারত পুরো জাতিকে দিতে হবে। বাবা-মাকে সন্তানদের সময় দিতে হবে, তাদের মাটির কাছাকাছি, প্রকৃতির সান্নিধ্যে এবং বইয়ের ভুবনে ফিরিয়ে আনতে হবে। সবার আগে প্রয়োজন এক আত্মশুদ্ধি ও সম্মিলিত সামাজিক উদ্যোগ,তবেই এই নীরব পতন রোধ করা সম্ভব।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment