সওতুল কোরআন মডেল মাদ্রাসার সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার মধ্য দিয়েই নির্মিত হতে পারে একটি আদর্শ সমাজ।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পার্থিব জ্ঞানের পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে আয়োজিত সুধী ও অভিভাবক সমাবেশে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় চরপার্বতী ইউনিয়নে সওতুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে এ সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, শিশু সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিক এবং মাসিক নব জ্যোতি পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ কুতুবউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী, চরপার্বতীর সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য কবির আহাম্মদ, আজগর আলী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শামসুল আরেফীন মাসুম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ ইমাম হোসেন এবং বসুরহাটের শাহজালাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নুরানি শিক্ষার প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা তাদের অর্জিত কোরআন শিক্ষার দক্ষতা, পাঠদান পদ্ধতি এবং ইসলামের গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল সম্পর্কে নিজেদের জ্ঞান ও অনুশীলন তুলে ধরে।
সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার মধ্যে ছোটবেলা থেকেই নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে।
শুধু পার্থিব জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি ইসলামী জ্ঞান ও ধর্মীয় অনুশাসন সম্পর্কেও সঠিক ধারণা দিতে হবে।
তাঁরা আরও বলেন, দ্বীনি শিক্ষা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণের পথ দেখায়। তাই সন্তানদের শিক্ষার দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকদের ওপর ছেড়ে দিলে হবে না। একজন শিক্ষার্থীর জীবনে পরিবারই প্রথম শিক্ষালয়। মা-বাবাকে সন্তানদের পড়াশোনা, নৈতিক চরিত্র গঠন ও ধর্মীয় অনুশীলনের প্রতি নিয়মিত নজর রাখতে হবে।
শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে একটি আদর্শ ও মানবিক প্রজন্ম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ কাজ।
যারা দ্বীনি শিক্ষা অর্জন করে এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেয়, তারা সমাজে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। একজন সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা মা-বাবার জন্য বড় আমানত ও দায়িত্ব। সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তার ভালো কাজ ও নেক আমলের সুফল মা-বাবার মৃত্যুর পরও সদকায়ে জারিয়া হিসেবে অব্যাহত থাকার আশা করা যায়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সন্তানদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। মাদ্রাসাগুলো কোরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, আদর্শ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা সওতুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসার সভাপতি হাজী ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাছের এবং পরিচালক জামাল উদ্দিন জাফরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের সার্বিক আয়োজনে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ সমাবেশ স্থানীয় শিক্ষাঙ্গনে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও অভিভাবকদের দায়িত্ববোধ সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment