সিরাজপুরের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আব্দুল মান্নান সিরাজ
৪৮ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি চান প্রবীণ বিএনপির এই সৈনিক
নব জ্যোতি বিশেষ প্রতিবেদন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান সিরাজ।
দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলীয় আদর্শের প্রতি অবিচল আস্থা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে এলাকায় পরিচিতি অর্জন করেছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে এখন স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাইছেন এই প্রবীণ রাজনীতিক।
১৯৫৫ সালে সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান সিরাজ। তাঁর পিতার নাম আব্দুর রহমান এবং মাতার নাম মাছুমা খাতুন। শৈশব থেকেই স্থানীয় জনজীবন ও সামাজিক পরিবেশের সঙ্গে বেড়ে ওঠা তাঁর। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়ে জনসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তিনি।
জানা যায়, বিএনপির ‘হ্যাঁ-না’ ভোটের সময় তাঁর রাজনৈতিক পথচলার সূচনা। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক আইনমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদকে তিনি নিজের আদর্শিক রাজনৈতিক নেতা হিসেবে অনুসরণ করতেন। তাঁর কাছ থেকেই রাজনৈতিক অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান আব্দুল মান্নান সিরাজ । প্রয়াত এই নেতার স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ২৪ বছর। বর্তমানে চাঁভিটা বাজারের শহীদ জিয়া স্মৃতি সংসদএর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছেন তিনি।
আব্দুল মান্নান সিরাজের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলের গত ১৭ বছরে বিভিন্ন সময়ে তাঁকে রাজনৈতিক হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। রাজনৈতিক কারণে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। ওই সময়ে দুবার ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েও ভোট কারচুপির কারণে পরাজিত হয়েছেন বলে অভিযোগ তাঁর।
এ ছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় মাস পর আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা কয়েকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার অভিযোগ করেন তিনি। তবে নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যেও দলীয় আদর্শ থেকে সরে দাঁড়াননি বলে জানান এই প্রবীণ নেতা।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিম ৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে দায়িত্বশীল হিসেবে কাজ করার কথাও জানান তিনি। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে সরকারি অনুদান ও সহায়তা অসহায় মানুষের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের মাধ্যমে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন তিনি।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আব্দুল মান্নান সিরাজ । তিনি সমাজ পরিচালনা কমিটির সদস্য এবং সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার সামাজিক শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নবীন-প্রবীণ ভোটার, নারী ভোটার, প্রবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিশেষ করে অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা, সরকারি বরাদ্দ ও অনুদানের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা ও গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন।
পাশাপাশি সামাজিক সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করছেন আব্দুল মান্নান সিরাজ। তাঁর এই প্রত্যাশা কতটা জনসমর্থনে রূপ নেয়, তা নির্ভর করবে স্থানীয় ভোটারদের মতামত ও সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে, সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আগামী দিনের জনপ্রতিনিধি কে হবেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment