কোম্পানীগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে কলেজে ভর্তির আহ্বান
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের অর্থের অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে বিনামূল্যে কলেজে ভর্তির উদ্যোগ নিয়েছে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখনো এইচএসসি প্রথম বর্ষে ভর্তির জন্য কোনো কলেজে আবেদন না করা শিক্ষার্থীদের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তির জন্য আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডি সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার যেসব দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি হতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি ফি, বই, সেশন ফিসহ প্রয়োজনীয় শিক্ষা-সংক্রান্ত ব্যয় বহনের দায়িত্ব নেওয়া হবে। ফলে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়,এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মেধাবৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘এক্স-স্টুডেন্ট ফোরাম, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়’ এবং রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকার প্রবাসীদের একটি সংগঠন ‘এক-টুকরো-রংমালা’ এ উদ্যোগে সহযোগিতার কথা জানিয়েছে।
সংগঠন দুটির পক্ষ থেকে কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয় বহনে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্র-ছাত্রীরা শুধু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে চলে আসবে।
পড়ালেখা চালিয়ে যেতে অর্থের প্রয়োজন হবে না। কোনো দরিদ্র শিক্ষার্থী যেন টাকার অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।”কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের অভিভাবক এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ভর্তির জন্য যোগাযোগ: ০১৭১৪৪৩৭৯২৪, ০১৭১৫০০৯০৬৫। রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজকোম্পানীগঞ্জ, নোয়াখালী।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment