কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক
শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বর্তমান আমীর মাওলানা হেলাল উদ্দিনসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।
বৈঠকে কোম্পানীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
আলোচনায় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে,এমন যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়।
বৈঠকে সংশ্লিষ্ট নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালনার পাশাপাশি জনগণের জানমাল ও এলাকার স্বাভাবিক পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের শাসনামলের ‘ফ্যাসিবাদী’ ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে কোম্পানীগঞ্জে শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দলীয় পর্যায়ে সমন্বয় জোরদার এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment