কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান—কোম্পানীগঞ্জে জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষি ও অর্থনীতি বিভাগের উদ্যোগে কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বসুরহাট কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের সভাপতি মাস্টার মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মহি উদ্দীন এবং বসুরহাট পৌরসভা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাওলানা জিল্লুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের সভাপতি এবং সাবেক কৃষি কর্মকর্তা মাওলানা দ্বীন মোহাম্মদ।
সম্মেলনে কৃষি উৎপাদনের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বিভিন্ন মৌসুমে ফসল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্যে আক্রান্ত রোগ ও বালাই শনাক্তকরণ, কীটনাশকের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার এবং রোগবালাই দমনে করণীয় বিষয়ে কৃষকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দ্বীন মোহাম্মদ কৃষকদের উদ্দেশে বলেন, ফসলের রোগ বা বালাই দেখা দিলে নিজের ইচ্ছামতো কীটনাশক প্রয়োগ না করে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে রোগবালাই নিয়ন্ত্রণ করা গেলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন ও কৃষকের আয় বাড়ানো সম্ভব।
তিনি বলেন, কৃষক যদি পরিকল্পিতভাবে ফসল ও শাকসবজি উৎপাদনে যত্নবান হন, তাহলে একদিকে পরিবারের খাদ্য চাহিদা পূরণ হবে, অন্যদিকে উদ্বৃত্ত কৃষিপণ্য বাজারজাত করে বাড়তি আয় করা সম্ভব হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের খাদ্য ও অর্থনীতিতে কৃষকের গুরুত্বপূর্ণ অবদান আরও বাড়বে।
সম্মেলনে কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ১০০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, কৃষিকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে নয়, স্বাবলম্বিতা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে কৃষকদের আধুনিক প্রযুক্তি, সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহারে আরও সচেতন হতে হবে।
আলোচনা শেষে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পরিকল্পিত চাষাবাদ এবং কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে সভাপতির বক্তব্যে মাস্টার মো. কামাল উদ্দিন উপস্থিত অতিথি, কৃষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment