কোম্পানীগঞ্জে মারকাযুত তাক্বওয়া মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মারকাযুত তাক্বওয়া মাদরাসার ১২ বছরের অর্জন প্রায় অর্ধশত হাফেজে কুরআনকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষা-প্রদর্শনী উপলক্ষে আগামী ২৮ নভেম্বর '২৬ইং, শনিবার এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওই দিন সকাল ৮টা থেকে কোম্পানীগঞ্জ সরকারী কলেজ মাঠে এই সম্মেলন শুরু হবে। মারকাযুত তাক্বওয়া শিক্ষা-পরিবারের আয়োজনে এই ঐতিহাসিক দ্বীনি সম্মেলনকে সফল ও সার্থক করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম আবছার উদ্দিনের নিবেদনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালেদ হুসাইন। এছাড়া অনুষ্ঠানে পবিত্র কুরআনের হাফেজদের মাথায় পাগড়ী প্রদান করবেন জামিয়া রশিদিয়া, ফেনীর নায়েবে মুহতামিম মুফতী ফয়জুল্লাহ কাসেমী।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ ফখরুল ইসলাম এম.পি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী দাওয়াহ সেন্টার ঢাকার পরিচালক মুফতি শামছুদ্দোহা আশরাফী, আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মেসবাহউর রহমান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং নোয়াখালীর শিক্ষাবিদ, গবেষক ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক মাওলানা মুহাম্মাদ মুদ্দাসির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিয়া আরাবিয়া মুছাপুরের মুহতামিম মাওলানা আবু তাহের হাফি।
সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে পবিত্র কুরআন তিলাওয়াত করবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারীবৃন্দ। আমন্ত্রিত ক্বারীদের মধ্যে রয়েছেন-তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী রামাদান জুমা, ইন্দোনেশিয়ার শায়েখ ক্বারী ইমরানুল কারীম এবং বাংলাদেশের ক্বারী আব্বাস উদ্দিন।
পাশাপাশি জাতীয় পর্যায়ে সমাদৃত ও দেশের সাড়া জাগানো শিল্পীদের কণ্ঠে নাশীদ পরিবেশিত হবে। নাশীদ পরিবেশন করবেন সিলেটের মাওলানা শেখ এনাম, কলরবের আহমাদ আব্দুল্লাহ এবং পটুয়াখালীর ক্বারী মুনইম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কলরবের জনপ্রিয় উপস্থাপক মাওলানা ইলিয়াস হাসান এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন মানজিল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ জামাল মাসরুর।
দ্বীনি এই আয়োজনে ধর্মপ্রাণ মুসলিম জনতা ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে মাদরাসা কর্তৃপক্ষ।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment