জ্ঞানের আলো ছড়িয়ে নীরবে সমাজ গড়ছেন 'অধ্যাপক আমিরুল ইসলাম'
কলমেঃ জহুরুল হক চৌধুরী জহির
লেখক,গণমাধ্যমকর্মী ও প্রাবন্ধিক।
জ্ঞান, মানবতা ও আত্মত্যাগে গড়া এক আলোকিত জীবনের উপাখ্যানঃ
জ্ঞানের আলো ছড়িয়ে নীরবে সমাজ গড়ছেন 'অধ্যাপক আমিরুল ইসলাম'
কলমেঃ জহুরুল হক চৌধুরী জহির
লেখক,গণমাধ্যমকর্মী ও প্রাবন্ধিক।
জ্ঞান, মানবতা ও আত্মত্যাগে গড়া এক আলোকিত জীবনের উপাখ্যানঃ
নব জ্যোতি ফিচার ডেস্কঃ
মানুষের মহত্ত্ব সব সময় পদ-পদবি, খ্যাতি কিংবা প্রাচুর্যের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। কিছু মানুষ আছেন, যাঁরা নিভৃতে নিজের আলো ছড়িয়ে দেন চারপাশে। তাঁদের কাছে জ্ঞান কেবল অর্জনের বিষয় নয়, জ্ঞান মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার এক মহান দায়িত্ব।
তাঁদের জীবন যেন নীরব সাধনার এক অনুচ্চারিত উপাখ্যান। অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম তেমনই একজন মানুষ-যাঁর জীবন জ্ঞানচর্চা, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষার প্রসার এবং সমাজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় গাঁথা।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও সমাজসেবক অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম ১৯৭০ সালে তৎকালীন বৃহত্তর নোয়াখালী জেলার রামগতি উপজেলার চর আব্দুল্লাহ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাস্টার আমির হোসাইন ভূঁঞা এবং মাতা সাইয়েদা আয়েশা আক্তার।
পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ তাঁর জীবন গঠনের ভিত রচনা করে।
শিক্ষার প্রতি গভীর অনুরাগ তাঁকে একের পর এক উচ্চতর অর্জনের পথে এগিয়ে নেয়। ১৯৮৮ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল এমএ মাদরাসা থেকে এমএম সনদ অর্জন করেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ১৯৯৫ সালে বিএ অনার্স ও এমএ সম্পন্ন করেন। ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে ডাবল এমএ এবং ১৯৯৭ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া বাংলাদেশ ইউঃ অ্যান্ড আয়ুর্বেদ বোর্ড থেকে ডিইউএমএস ডিগ্রিও লাভ করেন।
শিক্ষকতা-পেশা নয়, এক মহান ব্রত
১৯৯৮ সালে চট্টগ্রামের পটিয়া খলীল মীর ডিগ্রি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনার মাধ্যমে তাঁর শিক্ষকতা জীবনের সূচনা।
একই সময়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির কক্সবাজার ক্যাম্পাসে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও পাঠদান করেন। ২০০৬ সালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে যোগ দিয়ে আজও শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি কবিরহাট সরকারি কলেজেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।
শ্রেণিকক্ষ তাঁর কাছে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার স্থান নয়; বরং শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ ও মনুষ্যত্ব জাগিয়ে তোলার ক্ষেত্র। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই যেন তাঁর দীর্ঘ কর্মজীবনের অন্তর্নিহিত সাধনা।
লেখনীতে চিন্তার আলো, অর্জনে স্বীকৃতি
ছাত্রজীবন থেকেই ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখালেখি ও সাংস্কৃতিক চর্চায় তাঁর আগ্রহ গড়ে ওঠে। চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার সমন্বয়ে তিনি অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে পাঁচটি প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ ‘গীবত, অপবাদ ও চোগলখোরী—জঘন্যতম সামাজিক অনাচার’ এবং ‘কুরআন-হাদীসের আলোকে দৈনন্দিন জীবনে মাসনুন দু'আ’ পাঠকমহলে আলোচিত ও সমাদৃত।
২০০৬ সালে লন্ডনের Foundation for Quality Education London আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার ও সনদ অর্জন তাঁর লেখনী ও মননশীলতার স্বীকৃতি। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ও ২০২২ সালে কলেজ, উপজেলা এবং নোয়াখালী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। শিক্ষা ও সংস্কৃতিতে তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে আরও অসংখ্য সনদ ও সম্মাননা।
তিনি দীর্ঘদিন চট্টগ্রাম ও কুমিল্লা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের পরীক্ষক ও নিরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায় সমাজ উন্নয়ন ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াস। নিজ এলাকার মানুষের ধর্মীয় ও শিক্ষাগত চাহিদা উপলব্ধি করে ১৯৯৬ সালে অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘আদর্শ সমাজ বায়তুস সালাম জামে মসজিদ’। পরবর্তীতে ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন ‘আদর্শ সমাজ নূরানী মাদরাসা’। আর ২০২০ সালে নিজের বাড়িতে সম্পূর্ণ আবাসিক পরিবেশে গড়ে তোলেন ‘বায়তুস সালাম তাহফিজুল কুরআন মাদরাসা’।
এই প্রতিষ্ঠানগুলোর ব্যয়ভার বহনে তাঁর নিজের দীর্ঘদিনের সঞ্চয় ও কলেজের বেতনের অর্থই প্রধান অবলম্বন। সমাজের জন্য কাজ করতে গিয়ে তিনি কারও কাছে সাহায্যের হাত প্রসারিত করেন না; নিজের সামর্থ্য, শ্রম ও উপার্জন দিয়ে এগিয়ে নেন শিক্ষার এই আলোকযাত্রা।
নোয়াখালীর আদর্শ সমাজ, বিমানবন্দর, উত্তর ওয়াপদা, সদর এলাকার এই মানুষটির জীবনে বাহ্যিক আড়ম্বরের চেয়ে আত্মিক তৃপ্তির মূল্য অনেক বেশি। তাঁর কাছে সাফল্য মানে শুধু নিজের প্রতিষ্ঠিত হওয়া নয়, বরং অন্যের জীবনে সম্ভাবনার দরজা খুলে দেওয়া।
সমাজে যখন আত্মকেন্দ্রিকতা বাড়ছে, যখন দানের চেয়ে প্রদর্শন আর সেবার চেয়ে প্রচারের প্রবণতা দৃশ্যমান, তখন অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলামের মতো মানুষের জীবন আমাদের নতুন করে ভাবতে শেখায়।
তিনি হয়তো প্রচারের আলোয় সব সময় থাকেন না, কিন্তু তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের অর্জন, লেখনী এবং মানুষের কল্যাণে নিবেদিত কর্মকাণ্ডই তাঁর পরিচয় বহন করে।
সাদা মনের মানুষেরা পৃথিবীকে জয় করার জন্য নয়, পৃথিবীকে একটু সুন্দর করার জন্য বেঁচে থাকেন। অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম সেই নীরব আলোকবর্তিকাদের একজন-যাঁর জীবনের গল্প শুধু প্রশংসার নয়, অনুসরণ ও অনুপ্রেরণারও।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment