ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালীতে ব্যাহত জনজীবন, বিপাকে শ্রমজীবী মানুষ
মুঃ ইব্রাহীম খলিল জসিম:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার ও শনিবার (২০ ও ২১ নভেম্বর) সকাল থেকে দিনভর বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন চরম বিপাকে। অনেকের দৈনিক আয় কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
টানা বৃষ্টিতে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের অধিকাংশকে ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে।
তবে বিকেলের দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন গাজী জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পান। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারেননি। শনিবার দুপুর ১টা পর্যন্ত মাত্র ২০০ টাকার ভাড়া পেয়েছেন।
হাসপাতাল রোড এলাকার রিকশাচালক সোলাইমান বলেন, বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল কমে গেছে। রিকশায় যাত্রীও তেমন পাওয়া যাচ্ছে না। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।
একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম। তিনি জানান, সবজি বিক্রি করেই তার সংসার চলে। তাই বৃষ্টি হলেও জীবিকার তাগিদে দোকান নিয়ে বসতে হচ্ছে।
নোয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment