চরপার্বতীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি, প্রতিকারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের চৌধুরীহাট, মেহেরুন নেছা, মুন্সিবাড়ির দরজা, মেইলঘর, জনতা বাজার, স্লুইসগেট ও বাঁশতলাসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর ও গভীর রাতে কিশোরদের দলবদ্ধ আড্ডা দিতে দেখা যায়।
এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, রাত ১২টার পর বিভিন্ন স্থানে একাধিক কিশোর একত্র হয়ে আড্ডা দেয়। এসব আড্ডায় মাদক সেবন, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। রাত গভীর পর্যন্ত দলবদ্ধ অবস্থানে থাকায় সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
চরপার্বতী ছাত্রদলের সাবেক এক নেতা এ প্রতিবেদককে জানান, এসব কিশোরের সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলে তাঁর ধারণা। তবে রাতের বেলায় একাধিক কিশোরের দলবদ্ধ অবস্থান এবং তাদের কর্মকাণ্ড এলাকার পরিবেশকে অস্বস্তিকর করে তুলছে।
তিনি বলেন, কিশোরদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ।
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।
এলাকাবাসীর দাবি, কিশোরদের আড্ডাস্থলগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো, মাদক ও জুয়ার অভিযোগ তদন্ত করা এবং অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
চরপার্বতী ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment