সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারুক বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মাস্টার মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাওলানা দীন মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান তুহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও চিকিৎসক আজাদের রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অতিথিরা পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment