চরহাজারীতে মেম্বার প্রার্থী ইমাম হোসেন সোহেলের পোস্টার ছিঁড়ল দুর্বৃত্তরা, স্থানীয়দের ক্ষোভ
ক্রাইম রিপোর্টার:
কোম্পানীগঞ্জ উপজেলার আসন্ন ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নির্বাচনী প্রচারণা সামগ্রী ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
রাতের আঁধারে দুর্বৃত্তরা তার সাঁটানো বিভিন্ন পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বিকৃত করে দেয়। এ ঘটনায় প্রার্থীর সমর্থক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর রাতে ১নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বৈদ্যুতিক খুঁটি ও প্রধান প্রধান জনসংযোগ পয়েন্টে সাঁটানো মেম্বার প্রার্থী ইমাম হোসেন সোহেলের পোস্টার-ফেস্টুনগুলো রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে।পরদিন সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা চরম ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়ে মেম্বার পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল বলেন, "জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুপরিচিত ও মানবিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।
কিন্তু একটি চিহ্নিত কুচক্রী ও স্বার্থান্বেষী মহল আমার প্রতি সাধারণ মানুষের সমর্থন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাতের আঁধারে এই কাপুরুষোচিত কাজ করেছে। তবে পোস্টার ছিঁড়ে বা কোনো ষড়যন্ত্র করে জনগণের মন থেকে আমাকে দূরে রাখা যাবে না।১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সবসময় আমার পাশে রয়েছে।"
এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল ও প্রার্থীর সমর্থকেরা বলেন, নির্বাচনে সুস্থ ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের নোংরা রাজনীতি অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত।
তারা এই অপকর্মের সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রার্থীর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় যুবসমাজকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেম্বার প্রার্থী ইমাম হোসেন সোহেল।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment