ওয়াজ হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয়
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
ধর্মের বাণী পৌঁছাক হৃদয়ে, বিকট শব্দে নয়
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মাটি যুগ যুগ ধরে ওয়াজ-মাহফিল, নসিয়ত, তাফসির, দোয়া ও ধর্মীয় শিক্ষার পবিত্র আয়োজনের সাক্ষী। ধর্ম মানুষের হৃদয় শুদ্ধ করে, বিবেক জাগায়, অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনে। তাই ধর্মীয় অনুষ্ঠান হবে, মানুষ ধর্মের কথা শুনবে;এটাই স্বাভাবিক, এটাই সুন্দর। কিন্তু সুন্দর আয়োজন যখন অসুন্দর শব্দে মানুষের স্বস্তি কেড়ে নেয়, তখন প্রশ্ন জাগে;আমরা কি ধর্মের বাণী পৌঁছে দিচ্ছি, নাকি শব্দের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছি?
আগে মাহফিলের মাইক সীমাবদ্ধ থাকত অনুষ্ঠানস্থলের আশপাশে। এখন কখনো দেখা যায়, প্যান্ডেলে যত মানুষ, তার চেয়ে যেন মাইকের সংখ্যাই বেশি! একের পর এক মাইক, চারদিকে তারের জাল, আর দূর-দূরান্তে ছড়িয়ে পড়া বিকট শব্দ। এমন অদ্ভুত, কর্কশ ও বিকট আওয়াজ সৃষ্টি হয়;যা শুধু কানে নয়, যেন বুকের ভেতরেও কম্পন তোলে। ঘরের জানালা কেঁপে ওঠে, শিশুর ঘুম ভেঙে যায়, অসুস্থ মানুষের বিশ্রাম নষ্ট হয়, শিক্ষার্থীর বই বন্ধ হয়ে যায়।
ওয়াজের উদ্দেশ্য তো হৃদয় নরম করা, মন শান্ত করা; অথচ শব্দের তীব্রতায় যদি মানুষের মনে বিরক্তি, আতঙ্ক কিংবা অস্থিরতা সৃষ্টি হয়, তবে সেখানে আত্মসমালোচনার প্রয়োজন আছে।
আরেকটি উদ্বেগের বিষয় হলো সময়। আগে দুই-তিন ঘণ্টায় শেষ হওয়া অনেক অনুষ্ঠান এখন সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত গড়ায়। ধর্মীয় আয়োজনের নামে মানুষের ঘুম, পড়াশোনা, কর্মজীবন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। ধর্ম মানুষের কল্যাণের জন্য; মানুষের কষ্টের কারণ হওয়ার জন্য নয়।
এ সমস্যার সমাধানে সরকারেরও দায়িত্ব রয়েছে। বিদ্যমান শব্দদূষণ-সংক্রান্ত আইন ও বিধিবিধান বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য বাস্তবসম্মত শব্দসীমা ও সময়সূচি নির্ধারণ, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি এবং আয়োজকদের আগাম নির্দেশনা দেওয়া প্রয়োজন। তবে ব্যবস্থা হতে হবে ভারসাম্যপূর্ণ; ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা নয়, বরং শব্দদূষণ নিয়ন্ত্রণ করাই হবে লক্ষ্য। প্রয়োজনে প্রশাসন, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও আয়োজকদের সমন্বয়ে স্থানীয়ভাবে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।
জনগণেরও দায়িত্ব কম নয়। আয়োজকদের উচিত প্রয়োজনের অতিরিক্ত মাইক ব্যবহার না করা, শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং গভীর রাতে অনুষ্ঠান দীর্ঘায়িত না করা। বক্তা ও আলেম-ওলামারা যদি মঞ্চ থেকেই সংযত শব্দ ব্যবহারের আহ্বান জানান, তাহলে সচেতনতা আরও বাড়বে। সাধারণ নাগরিকেরও উচিত অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে, আবার নিজের ও পরিবারের শান্তি, শিক্ষা ও বিশ্রামের অধিকার রক্ষায় দায়িত্বশীল অবস্থান নেওয়া।
মনে রাখতে হবে;ধর্মের শক্তি মাইকের উচ্চতায় নয়, বাণীর গভীরতায়। শব্দ যত কমবে, মানুষের মনোযোগ তত বাড়বে; শব্দের আতঙ্ক কমলে নসিয়তের সৌন্দর্যও তত বেশি ফুটে উঠবে।
তাই সময়ের দাবি;মাইক কমুক, মাহফিলের মর্যাদা বাড়ুক; বিকট শব্দ থামুক, হৃদয় জাগানো বাণী ছড়িয়ে পড়ুক। ধর্মের বাণী পৌঁছাক মানুষের হৃদয়ে;কানে আতঙ্ক সৃষ্টি করে নয়, ভালোবাসা ও বিবেক জাগিয়ে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment