সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান
মোহাম্মদ উল্লাহ
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সেনবাগ হাসপাতাল রোডের দুলামিয়া রাইসমিল ভবনের দ্বিতীয় তলায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ হাসপাতাল মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী ও ৮ জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। ২০২৬ সালে আল-মুনীর মডেল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment