বসুরহাটে জামায়াতের যুব বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধ
নেতৃত্বের পরিবর্তন হলেও আদর্শ ও কর্মসূচিতে অটুট থাকার আহ্বান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে দায়িত্বশীল রোকন ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ এশা বসুরহাট পৌর সভার আজমিরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব বিভাগের দায়িত্বশীল, রোকন ও কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমীর ও আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা মোশারফ হোসাইন। বর্তমানে তিনি নোয়াখালী জেলা জামায়াতের যুব বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন পরিচালনা বিভাগের দায়িত্বে রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশারফ হোসাইন বলেন, দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে পর্যায়ক্রমে নেতৃত্বের পরিবর্তন হবে। ওয়ার্ডের নেতৃত্ব পৌরসভায়, পৌরসভার নেতৃত্ব উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের নেতৃত্ব জেলা এবং জেলা পর্যায়ের নেতৃত্ব বিভাগে দায়িত্ব পালন করবে। এভাবে যোগ্য নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়া হবে। তবে নেতৃত্বের পরিবর্তন হলেও দলের নীতি, আদর্শ ও কর্মসূচিতে কোনো দুর্বলতা আসবে না।
তিনি বলেন, নেতা-কর্মীদের পারস্পরিক আস্থা অটুট রেখে সর্বোচ্চ ত্যাগ, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে। প্রতিপক্ষের সমালোচনা ও অপপ্রচারের জবাব দিতে হবে আদর্শ, নীতি ও নৈতিকতার মাধ্যমে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
মাওলানা মোশারফ হোসাইন আরও বলেন, অতীতে জামায়াতের উপজেলা সেক্রেটারি থাকাকালে তিনি দুইবার মেয়র পদে নির্বাচন করেছেন। আগামী নির্বাচনে মেয়র পদে তাকে দলীয়ভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বসুরহাট পৌরসভা জামায়াতের নবনির্বাচিত আমীর ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা এবিএম হেলাল উদ্দিন বলেন, নামাজ ফরজ—এটি আমরা সবাই জানি ও মানি। কিন্তু নামাজের পাশাপাশি প্রতিদিন কোরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চার গুরুত্বও উপলব্ধি করতে হবে। ইসলামী আন্দোলনকে জানা ও বোঝার জন্য নিয়মিত ইসলামী বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ার প্রতি তিনি নেতা-কর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আরেক বিশেষ অতিথি বসুরহাট পৌরসভা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি ও পৌরসভা যুব বিভাগের সাবেক সভাপতি মাওলানা ইয়াকুব হোসাইন বলেন, দায়িত্বের পরিবর্তন হলেও কর্মের পরিধি কমেনি; বরং দায়িত্ব আরও বিস্তৃত হয়েছে। তিনি নেতা-কর্মীদের দলীয় কর্মকাণ্ড আরও নিষ্ঠার সঙ্গে পরিচালনার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, দলকে জানা ও মানার জন্য ইসলামী সাহিত্য অধ্যয়ন, নিয়মিত বৈঠক, সভা ও কর্মসূচিতে উপস্থিতি বাড়াতে হবে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আন্তরিকতা বৃদ্ধিরও আহ্বান জানান।
৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুল আলিম বলেন, যেসব মানুষের কাছে এখনো জামায়াতের দাওয়াত পৌঁছেনি, তাদের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইব্রাহিম জসিম, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও কাউন্সিলর গোলাম সরোয়ার সুজন, ডা. মাইনুল হুদা, মঞ্জু ও আবদুর রহিম সভায় বক্তব্য দেন।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নিয়মিত অধ্যয়ন, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বসুরহাট পৌরসভা জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, রোকন ও কর্মীরা উপস্থিত ছিলেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment