সেনবাগে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. কামরুল হাসান তুহিন, সমাজসেবক মো. আব্দুল মান্নান পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার ও নিরাপত্তা এবং কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ সুরক্ষায় পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতনতা, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি একটি মেয়ের শিক্ষা, স্বাবলম্বিতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। আর নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
উঠান বৈঠকে স্থানীয় নারী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে নারী ও কিশোরীদের অধিকার, নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment