শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি বাড়াতে সেনবাগে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে ভর্তি বাড়ানোর লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের সভাপতি মাওলানা মো. মজিবুল হক সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাংবাদিক জাহাঙ্গীর আলম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুদ সিদ্দিকী।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জামাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত শক্ত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বক্তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. মজিবুল হক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment