বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বসুরহাট পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, সাবেক পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, পরিচালক আবদুল ওযাদুদ ও কাজী এটিএম শফিক উদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ জামিল এবং সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী শেখ ফরিদ খোকন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, শিক্ষা প্রদর্শনীসহ বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং মাদ্রাসার সার্বিক কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষক ও অতিথিরা। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment