শূন্য বাগানের সুবাস
উঠোনের এক কোণে মাটির টবে চারাটি যখন প্রথম মাথা তুলেছিল, তখন চারপাশে ছিল শীতের শেষ বিকেলের রোদ। আঙুলের ডগায় একটুখানি মাটি আগলে রেখে তাকে রোদ আর ছায়ার হিসাব বুঝিয়ে দিয়েছিল তপু। কড়া রোদে ছাতা ধরেছে, রাতের শিশির ঝরিয়ে পাতা মুছে দিয়েছে, কখনো আবার ক্লান্ত শরীরেও বালতি হাতে জল ঢেলেছে। তপুর বিশ্বাস ছিল, যে জিনিসে নিজের ঘাম আর মায়া জড়িয়ে থাকে, তার গন্ধ একদিন নিজের উঠোনেই ফিরে আসে।
সময়ের সাথে চারাটি বড় হলো। সবুজ পাতার ভাঁজে ভাঁজে জমল কুঁড়ি। তপু মনে মনে সাজাত,কুঁড়ি ফুটলে সকালের প্রথম সুবাসটুকু সে নেবে, এক কাপ চায়ের পাশে বসে পাপড়ির রঙ দেখবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। যেদিন ফুলটি পুরোপুরি পাপড়ি মেলল, সেদিন তপুর উঠোনে ছিল না কোনো উৎসব, ছিল শুধু হালকা বাতাস। সেই বাতাসে ভর করে ফুলের তীব্র, মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল পাশের বাড়ির বারান্দায়, পথচারীর চোখে, আর দূরের সেই মানুষটির কাছে,যার জন্য তপু কখনো কোনো কুঁড়ি ফোটায়নি।
সন্ধ্যা নামতেই উঠোনে নেমে এল নীরবতা। ফুলটি তখনো ডালে দুলছে, কিন্তু তার সুবাস যেন আর তপুর নয়। তপু চুপচাপ টবের পাশে বসে রইল। তার মনে হলো, ভালোবাসা বা যত্নের কোনো রসিদ হয় না,যে যত্ন করে, অনেক সময় সে শুধু দেখার আনন্দটুকুই পায়, অধিকারের সুবাসটুকু নিয়ে যায় অন্য কেউ।
তবুও তপু চারাটি উপড়ে ফেলল না। কারণ, ফুলটি ফোটার পেছনে যে মায়াটুকু ছিল, সেটি ছিল একান্তই তপুর নিজের। সুবাস অন্য কেউ নিলেও, ফোটার সেই প্রথম দিনটির সাক্ষী হয়ে রইল শুধু তপুর নীরব চোখ।
শূন্য বাগানের সুবাস
উঠোনের এক কোণে ছিল মাটির টব,
সেই টবেতে বুনেছিলাম সুখের অনুভব।
রাতের শিশির মুছে দিয়ে, রোদে ধরে ছায়া,
বুকের ভেতর যত্ন করে জমিয়েছি মায়া।
কুঁড়ি যখন ফুটে উঠল ভোরের আলো মেখে,
ভাবিনি তো সুবাস যাবে অন্য কারও ডাকে।
হাওয়ার ডানায় ভর করে সে ছড়িয়ে পড়ল দূরে,
আমার উঠোন রইল খালি, মনের গভীর জুড়ে।
তবুও আমি ভাঙিনি ডাল, করিনি তো ক্ষয়,
ফোটার দিনে যে মায়া ছিল, সে তো আমারই হয়!
সুবাস নেবে অন্য কেউ, রইবে তবু স্মৃতি,
একলা চোখে জমে রবে প্রথম দেখার প্রীতি।
মুঃইব্রাহীম খলিল জসিম
কবি, সাহিত্যিক ও সাংবাদিক
বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment