সময়ের মূল্য ও ইউটার্নের সাহস,আত্মোপলব্ধি থেকে ঘুরে দাঁড়ানোর প্রবন্ধ-
মুঃইব্রাহীম খলিল জসিম
কবি, সাহিত্যিক ও সাংবাদিক
ভুলের উপলব্ধি ও একাকিত্বের মুখোমুখি
জীবনের এমন একটি সময় আসে, যখন মানুষ হঠাৎ থমকে দাঁড়িয়ে নিজের ফেলে আসা পথের দিকে তাকায় এবং বুকের ভেতরটা কেঁপে ওঠে এক তীব্র উপলব্ধিতে,‘ইশ, ভুল হয়ে গেল!’ ভুল মানুষকে অমূল্য সময় দেওয়া, মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে রাখা এবং কোনো সুনির্দিষ্ট প্রচেষ্টা ছাড়াই কেবল দিন গুজরান করার পর যখন বোধোদয় হয়, তখন প্রায়ই বড্ড দেরি হয়ে যায়। সবচেয়ে নির্মম বাস্তবতা হলো, সেই চরম সংকট ও আক্ষেপের মুহূর্তে নিজের চারপাশে তাকালে দেখা যায়,পাশে আর তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। মানুষের এই নিঃসঙ্গতা ও দীর্ঘশ্বাসের পেছনে বাইরের চেয়ে নিজের ভেতরের সিদ্ধান্ত ও নিষ্ক্রিয়তাই অনেক সময় বড় কারণ হয়ে দাঁড়ায়।
অলসতা ও অজুহাতের ফাঁদ: হারানো প্রাইম টাইম
আমরা অনেকটাই সচেতন অসচেতনতায়, ইচ্ছে করে কিংবা অলসতার চাদরে মুড়ে জীবনের সবচেয়ে মূল্যবান ‘প্রাইম টাইম’ বা সোনালি সময়টুকু নষ্ট করে ফেলি। যে বয়স ও সময়ে লক্ষ্য, স্বপ্ন আর জেদকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার কথা, তখন আমরা লক্ষ্যহীনভাবে আলসেমি, কালক্ষেপণ আর অপ্রয়োজনীয় আবেগে অনেকটা সময় পার করে দিই।
মানব মনের এক অদ্ভুত প্রবণতা হলো,কী করা উচিত তা আমরা প্রায় সবাই খুব ভালো করেই জানি, কিন্তু সেই সঠিক কাজটি করার জন্য যে পরিশ্রম, ত্যাগ ও কষ্টটুকু প্রয়োজন, তা এড়িয়ে চলতে আমরা ভালোবাসি। কষ্টের বদলে চটকদার কোনো অজুহাত দিয়ে বাস্তবতাকে সামাল দেওয়াই আমাদের কাছে সহজ মনে হয়। অথচ সময়ের নিয়মে একটি নির্দিষ্ট ব্যবধানে এসে জীবনের এই ফাঁকি ঠিকই ধরা পড়ে যায়। তখন ‘হায় হায়’ করা আর আফসোস পোহানো ছাড়া হাতে আর কিছুই অবশিষ্ট থাকে না।
লক্ষ্য, প্রতিষ্ঠা ও আক্ষেপের ব্যবধান
বাস্তবতার কষ্টিপাথরে দেখলে বোঝা যায়, পরিবার, সম্পর্ক, বন্ধুত্ব কিংবা প্রিয়জনের টান,এসবের অভিজ্ঞতা জীবনের পথে সবারই মোটামুটি কাছাকাছি ধরনের হয়। প্রতিটি মানুষকেই আবেগ, ভালোবাসা, অভিমান ও সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তবুও কিছু মানুষ সম্পর্কের স্বাভাবিক আবর্তের ভেতরে থেকেও নিজের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে সজাগ দৃষ্টি রাখেন।
তাঁরা জানেন, আবেগের পাশাপাশি আত্মপ্রতিষ্ঠা বা ‘এসটাব্লিশমেন্ট’ কতটা জরুরি। সেই লক্ষ্যে অবিচল থাকার কারণেই তাঁরা অন্য অনেকের তুলনায় দ্রুত নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং কাঙ্ক্ষিত ‘ভালো থাকার পৃথিবী’-তে প্রবেশ করার সুযোগ পান। অন্যদিকে, যাঁরা কেবল ভাসা ভাসা দিন কাটান বা দায়িত্ব এড়িয়ে চলেন, তাঁরা সময়ের স্রোতে পিছিয়ে পড়ে কেবল আক্ষেপ আর আফসোসে পুড়তে থাকেন।
সময় থাকতে জেগে ওঠা: আরেকটি ইউটার্নের সম্ভাবনা
তবুও জীবন মানেই তো সব শেষ হয়ে যাওয়া নয়। মনের গহিনে যদি এখনো সামান্য হলেও জেদ বেঁচে থাকে, যদি এখনো মনে হয় সবটুকু ফুরিয়ে যায়নি এবং সেই ভালো থাকার পৃথিবীতে প্রবেশ করার এক অদম্য তৃষ্ণা বুকের ভেতর জ্বলছে,তবে এবার আরেকটিবার সাহসী ‘ইউটার্ন’ নিয়ে দেখা যেতেই পারে। ইউটার্ন নেওয়া মানে পরাজয় নয়, বরং ভুল স্বীকার করে সঠিক পথে ফেরার এক বলিষ্ঠ অঙ্গীকার।
একটি চিরন্তন সত্য হলো,সময় কারও জন্যেই থেমে থাকে না। বয়ে যাওয়া পানি যেমন ফেরে না, চলে যাওয়া সময়ও তেমনি ফিরে আসে না। তাই সময় থাকতে সময়ের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখা অত্যন্ত জরুরি। আত্মমর্যাদা ও নিজের অবস্থান তৈরি করতে না পারলে, নিজে একবার মূল্যহীন হয়ে গেলে কোনো প্রিয়জনই আর প্রকৃত মূল্য দেয় না,বাস্তবতায় তা কখনোই দেয় না।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment