চরহাজারীতে উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদ আল হারুনকে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
দলীয় ঐক্য, গ্রুপিংমুক্ত রাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সাবেক চেয়ারম্যান হারুনের
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা হারুন-অর-রশিদ আল হারুন (সিআইপি) বাংলাদেশে আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় চরহাজারী চৌরাস্তায় চরহাজারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হারুন-অর-রশিদ আল হারুন মঞ্চে উপস্থিত হলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে চরহাজারী ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে যোগ দেন।
তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পবিত্র আল-কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন গাজী মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা রাজন শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদ আল হারুন (সিআইপি)।
প্রধান অতিথির বক্তব্যে হারুন-অর-রশিদ আল হারুন বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি চরহাজারীতে একটি সভা করেছিলেন। তখন ইউনিয়নের প্রায় সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিন্তু আজ তাঁদের অনেককেই দেখা যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।তিনি আরও বলেন, গত ১০ মাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু দুঃখজনকভাবে কেউ কেউ দলীয় আদর্শ ও সাংগঠনিক স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দলের জন্য আর্থিক ও সাংগঠনিকভাবে অনেক সহযোগিতা করেছেন। তাঁরা নিজেদের পরিবারের কথা চিন্তা না করে দলের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে হারুন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাই। দলে কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন চলবে না। আগামী দিনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও বাজারে মতবিনিময় সভা এবং গণসংযোগ করা হবে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়েও আলোচনা করা হবে। দল যাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম, বালু উত্তোলন, মাটির ব্যবসা ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। রাজনীতির নামে অন্যায় ও অনিয়মের সুযোগ দেওয়া যাবে না।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment