কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
নব জ্যোতি নিউজ ডেস্ক:
নকল টাকা বা জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।
ওয়ার্কশপের সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপপরিচালক (ক্যাশ) মোঃ আব্দুর রউফ এবং সহকারী পরিচালক (ক্যাশ) মোঃ মামুন। সার্বিক পরিচালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাকের হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জালনোটের প্রচলন দেশের অর্থনীতি, আর্থিক লেনদেন ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
অসাধু চক্রের মাধ্যমে জালনোট বাজারে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং প্রকৃত মুদ্রাব্যবস্থার ওপর মানুষের আস্থাও বিঘ্নিত হয়। তাই জালনোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
তাঁরা আরও বলেন, টাকা লেনদেনের সময় নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য সম্পর্কে ধারণা রাখা জরুরি। বিশেষ করে বড় অঙ্কের লেনদেন এবং বাজারে কেনাবেচার ক্ষেত্রে নোট ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। সন্দেহজনক নোট পাওয়া গেলে তা প্রচলনের চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা পর্ব শেষে প্রজেক্টরের মাধ্যমে জালনোট শনাক্ত করার বিভিন্ন পদ্ধতি ও আসল নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য প্রদর্শন করা হয়। এ সময় নোটের বিভিন্ন চিহ্ন, নিরাপত্তাসূতা, জলছাপসহ দৃশ্যমান নিরাপত্তাবৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে জালনোট চেনার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
ওয়ার্কশপে জালনোটের ক্ষতিকর প্রভাব, এর বিস্তার রোধ এবং সন্দেহজনক নোট শনাক্তের ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জালনোট শনাক্তের দক্ষতা ও সতর্কতা বাড়বে এবং জালনোটের প্রচলন প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে উঠবে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment