সাংবাদিক হিমেল আহাম্মেদকে সম্মাননা সনদ প্রদান
কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা প্রদান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কবিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সাংবাদিকতায় অবদান ও সামাজিক-মানবিক কর্মকাণ্ডের প্রচার-প্রসারে ভূমিকা রাখায় সাংবাদিক হিমেল আহাম্মেদকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহেদ তাঁকে এ সম্মাননা প্রদান করেন।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, সমাজের কল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান, আন্তরিক সহযোগিতা ও নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানবতার কল্যাণে কাজ করার অনুপ্রেরণামূলক ভূমিকার জন্য সংগঠনটি তাঁর প্রতি কৃতজ্ঞ।
সাংবাদিক হিমেল আহাম্মেদ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে তাঁর এ সম্মাননা অর্জনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
সম্মাননা সনদে সাংবাদিক হিমেল আহাম্মেদের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, ‘আপনার লেখনী হোক সত্য ও ন্যায়ের পক্ষে, আপনার কলম হোক মানবতার কল্যাণে।’





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment