সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাইমা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুপুর শ্রীপুর ইলিয়াছের মোড়ে অভিযান চালান। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. মিলন (৩৪) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. হোসেন ওরফে এমরান হোসেন (৪৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment