চৌমুহনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার নাফিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অভিযোগ রয়েছে, মিছিল শেষে অংশগ্রহণকারীদের কয়েকজন ব্যাংক কার্যালয়ের দরজা-জানালায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং কাচ ভাঙচুর করেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment