চাটখিলের ৮ ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়। এ সময় কয়েকটি পরিষদ থেকে চেয়ারম্যান, সচিবসহ কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা লোকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
চাটখিল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে শাহাপুর ইউনিয়ন পরিষদ ছাড়া রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভের জেরে এ ঘটনা ঘটেছে। কয়েকটি ইউনিয়ন পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে তালা দেওয়ার কথা জানিয়েছেন বলেও অভিযোগ করেন চেয়ারম্যানরা।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে তারা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং সরকারি কাগজপত্র তছনছ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে একদল নেতাকর্মী নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে গিয়ে ‘ওপরের নির্দেশ’ রয়েছে উল্লেখ করে পরিষদের কার্যক্রম বন্ধ করে চলে যেতে বলেন। ওই সময় পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে গেলে নেতাকর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।
এর ফলে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করতে বাধ্য হন সংশ্লিষ্ট ডিলার।
এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি তিনি সন্ধ্যার দিকে জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দায়িত্ব পালনরত চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ‘ফ্যাসিস্টদের অর্থায়নের’ অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে জেলা নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ চেয়ারম্যানদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।
ইউএনও বলেন, “আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বিষয়টি না বুঝে করেছেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।”
এদিকে, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরোধের কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment