‘অপমান-হেনস্তার প্রতিকার মেলেনি’—এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী জাকারিয়া
মোহাম্মদ উল্যা ,
বিশেষ প্রতিনিধি
অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপমান-হেনস্তার অভিযোগ এবং দলের কাছে দেওয়া অভিযোগের প্রতিকার না পাওয়ার দাবি তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই পোস্টে পদত্যাগের কারণও বিস্তারিত তুলে ধরেন।
সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, তিনি সরাসরি রাজনীতির মানুষ ছিলেন না। তবে জুলাই-পূর্ব বাংলাদেশের সংকটময় সময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের গণতান্ত্রিক রাজনীতিতে সংগঠিত করার লক্ষ্যেই এনসিপিতে যোগ দিয়েছিলেন। দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন বলে জানান তিনি।
এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নে ভূমিকা রাখার কথা উল্লেখ করে জাকারিয়া বলেন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও তিনি শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বকে পরামর্শ দিয়ে আসছিলেন।
তবে এসব প্রচেষ্টার প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশ হলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে শিখবে—এই বিশ্বাসে তিনি ধৈর্য ধরেছিলেন বলে জানান।
পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলের অভ্যন্তরীণ বিরোধের একটি ঘটনার উল্লেখ করেছেন জাকারিয়া। তার অভিযোগ, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি দলীয় কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদের অনুসারীরা তাকে বিনা উস্কানিতে অশ্রাব্য ভাষায় গালাগাল, অপমান ও হেনস্তা করেন।
জাকারিয়ার দাবি, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির বিপরীতে তার অবস্থান সংশ্লিষ্টদের অস্বস্তিতে ফেলেছিল। এ কারণে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে হেনস্তা করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এসব বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে একাধিকবার অবহিত করার পাশাপাশি নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং একাধিকবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
বরং অভিযোগের নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে জাকারিয়া বলেন, এ অবস্থায় তার সামনে দুটি পথ ছিল—অথবা প্রচলিত ‘অসৎ ও নোংরা রাজনীতির’ সঙ্গে পাল্লা দেওয়া, অথবা সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন।
নিজের পদত্যাগের সিদ্ধান্তকে আত্মমর্যাদার সঙ্গে যুক্ত করে জাকারিয়া বলেন, ব্যক্তি জীবনে তিনি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলাকে গুরুত্ব দেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে রাজনৈতিক জীবনে কোনো অর্জন করতে চান না।
এদিকে সুলতান মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের ঘোষণার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার পোস্টে উত্থাপিত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment