তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বিষয়টি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। একই সঙ্গে অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত এ যৌথ অনুশীলনকে সমন্বিত সামরিক সক্ষমতা ও আন্তঃবাহিনী সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিশেষায়িত বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা এবং সম্মিলিতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী দ্বীপটিতে প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে এর আগে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হলেও এবারই প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment