নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
শাহাদাত হোসেন
নব জ্যোতি ডেস্ক :
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)সকাল ১০টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, নোয়াখালীতে বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৫২ শতাংশ। এ হার আরও বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু-কিশোর, তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে শুধু বর্ণমালা চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক-বৃত্তিমূলক শিক্ষার আওতায় নিয়ে আসা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে শুধু সাক্ষরতার হার বাড়ানোই যথেষ্ট নয়; জনগোষ্ঠীকে সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলাও জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার মাধ্যমে একটি দক্ষ, সচেতন ও উৎপাদনশীল জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এজন্য সাক্ষরতা কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment