কোম্পানীগঞ্জে দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন পিঠা উৎসব
৫৯ ধরনের পিঠার প্রদর্শনী, শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমও তুলে ধরা হয়
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন নবান্ন পিঠা উৎসব ও উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশীয় ঐতিহ্যের ৫৯ ধরনের পিঠা প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজ নিজ বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা হলদে পাখির দল, স্টুডেন্ট স্কাউট দল ও ক্ষুদে ডাক্তার দলের কার্যক্রমও প্রদর্শন করে।
হলদে পাখির দলের সদস্যরা সততা, সত্যবাদিতা, নৈতিকতা, শিষ্টাচার ও ভালো অভ্যাস গড়ে তোলার বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরে। স্টুডেন্ট স্কাউট দল নিয়ম মেনে চলা, সময়ানুবর্তিতা, সারিবদ্ধভাবে চলা ও দলীয় শৃঙ্খলার প্রদর্শনী করে।
অন্যদিকে, ক্ষুদে ডাক্তার দল বিদ্যালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা, অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উপস্থাপন করে।
অনুষ্ঠানটি পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরুলা আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাবেক সভাপতি সাহিদা আক্তার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ নয়ন, বিএনপি নেতা গোলাম রাব্বানী বিপ্লব ও রইছ উদ্দিন মাসুদ, অভিভাবক প্রতিনিধি নিমাই চন্দ্র দাস, অভিভাবক দেবী বালা দাসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নিজস্ব খাদ্যসংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে। পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকশিত হবে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment