বিশ্বাসের ক্রমাবনতি, লোহার তালা ও আমাদের অদ্ভুত বিবর্তন
মুঃইব্রাহীম খলিল জসিম
সভ্যতার বিবর্তনে মানুষ কত কিছুই না তৈরি করেছে,চাকা থেকে কম্পিউটার, আর মাটির কুড়েঘর থেকে আকাশচুম্বী অট্টালিকা। কিন্তু এই অগ্রযাত্রার ফাঁকে আমরা যে জিনিসটি সবচেয়ে বেশি হারিয়েছি, তার নাম বিশ্বাস।
আজকের বাস্তবতা বড়ই বিদ্রূপাত্মক: একটি সামান্য পঞ্চাশ টাকার তালার ওপর ভরসা করে আমরা ঘরের ভেতর কোটি কোটি টাকার সম্পদ, দলিল বা গহনা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারি,অথচ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত একজন মানুষের ওপর আস্থা রেখে পঞ্চাশ টাকার একটি জিনিসও বাইরে বা অরক্ষিত অবস্থায় রেখে যাওয়ার সাহস করি না।
একটি নির্জীব ধাতব তালা যে বিশ্বস্ততা দেখায়, জীবন্ত মানুষ আজ সেখানে বড়ই অবিশ্বস্ত।
বিশ্বাস হারানোর এই গল্পটি একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে এক ধীর ও করুণ বিবর্তন। যখন মানুষের পারস্পরিক বিশ্বাস কমতে শুরু করল, তখনই অরক্ষিত থাকার ভয় থেকে দরজার জন্ম হলো। মানুষ নিজের পরিমণ্ডলকে আলাদা করতে শিখল, বাইরের দুনিয়ার সাথে একটি দেয়াল বা পাল্লা টেনে দিল। এরপর যখন সেই দরজা পেরিয়েও বিশ্বাস ভাঙতে শুরু করল, প্রতারণা ও লোভের হাত বাড়ল, তখন বিশ্বাসকে আটকাতে জন্ম নিল তালা ও চাবির।
কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন বিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকল,যখন তালা ভেঙেও মানুষের লোভ ও কৌশল থামানো গেল না,তখন মানুষের নজরদারির প্রয়োজন হলো। আর সেই চরম অবিশ্বাসের জায়গা থেকেই জন্ম নিল সিসিটিভি ক্যামেরা। আজ আমাদের ঘর, দোকান, অফিস, এমনকি গলিপথের প্রতিটি কোণায় লাল বা সবুজ আলো জ্বালিয়ে নজর রাখছে কৃত্রিম চোখ। মানুষ এখন আর মানুষের কথায় বা চোখের ভাষায় ভরসা করে না,সত্যতা যাচাই করতে চায় রেকর্ডেড ফুটেজে।
সবচেয়ে পরিতাপের বিষয় হলো, সময়ের পরিক্রমায় প্রযুক্তির বদল ঘটেছে, নিরাপত্তার ধরন বদলেছে, জীবনযাত্রায় এসেছে আধুনিকতার ছোঁয়া,কিন্তু বদলায়নি আমাদের ভেতরের প্রবণতা ও চরিত্রের অনেক অন্ধকার দিক। সুযোগ পেলে আজও কেউ কেউ বিশ্বাসের অমর্যাদা করে, লোভের কাছে নত হয়, আর অন্যের সরলতাকে দুর্বলতা ভাবে। ফলে সিসিটিভি ক্যামেরা হয়তো চোর বা অপরাধীকে শনাক্ত করতে পারে, কিন্তু মানুষের ভেতরের অবিশ্বাস আর স্বার্থপরতাকে পুরোপুরি মুছে দিতে পারে না।
তবুও হতাশার মাঝেও একটি প্রশ্ন থেকেই যায়,যন্ত্রের ওপর নির্ভরতা বাড়িয়ে আমরা কি নিজেদের ভেতরের মানুষটাকেই আরও সন্দেহপ্রবণ করে তুলছি না? পঞ্চাশ টাকার তালা কিংবা সিসিটিভির ক্যামেরা আমাদের সম্পদ পাহারা দিতে পারে বটে, কিন্তু সমাজ ও সম্পর্কে শান্তি ফেরাতে পারে কেবল পারস্পরিক শ্রদ্ধা, সততা ও বিশ্বাসের পুনর্জাগরণ। সময় বদলাক বা না বদলাক, নিজের চরিত্রের শুদ্ধতা আর বিশ্বাসের মর্যাদা রক্ষা করাটাই আজ সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।
বিশ্বাস হারানোর গল্প
পঞ্চাশ টাকার তালার ওপর
কোটি টাকা রাখা যায়,
মানুষের ওপর বিশ্বাস রেখে
পঞ্চাশও যে হারায়!
বিশ্বাস যখন কমতে লাগল,
তখন দরজা এলো,
বিশ্বাস ভেঙে চুরমার হতেই
তালাও জমে গেল।
বিশ্বাস যখন একদম শেষে,
চোখ রাখে সিসিটিভি,
সন্দেহের এই কড়া পাহারায়
বাজছে অশনি টিভি।
সময় গেল অনেক বদলে,
যন্ত্র হলো স্মার্ট,
তবুও কেন চরিত্রটায়
রয়ে গেল সেই খাঁদ?





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment