চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে ঐতিহাসিক চৌধুরীহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
২নং চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল হক হামিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নূর উদ্দিন রুবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক পদমর্যাদার নেতা নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি অরূপ মজুমদার উপস্থিত ছিলেন।
পবিত্র আল-কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাংগঠনিক দায়িত্ব ও পদ-পদবি যাঁকেই দেওয়া হোক, তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে স্থানীয় নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা ও বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নেতাকর্মীদের মেধা, মনন, যোগ্যতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা ছাত্রদলকে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি হিসেবে উল্লেখ করে সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সম্মেলনকে ঘিরে চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদলের পদপ্রত্যাশী নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন।
তাঁদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে পুরো চৌধুরীহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।এ সময় উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেম্বার, কবির মেম্বার এবং সাবেক ছাত্রনেতা নুরুল হুদা হুদনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্মেলনে চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দেলোয়ার হোসেন রাহাদ, নুরুল আফসার ফয়সাল, শাহাদাত হোসেন হৃদয়, সালাউদ্দিন রাসনা ও মোহাম্মদ শাওনের নাম উঠে আসে।
সাধারণ সম্পাদক পদে আশরাফ হোসেন জিদান, জাবেদ হোসেন, শাহিন আলম ও কাজী ফজলে এলাহি এবং সাংগঠনিক সম্পাদক পদে সানজিদ হোসেন, নুরুল আমিন ইমন ও মোহাম্মদ মামুনের নাম আলোচনায় আসে।
বিকেল ৩টার দিকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও আসরের নামাজের পর মূল কার্যক্রম শুরু হয়। নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মেলনটি সম্পন্ন হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment