জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত:
নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের পথ অনুসরণ করে, তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা চাই না পুনরায় আরেকটি গণঅভ্যুত্থান হোক কিংবা দেশ আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাক।
আমরা চাই না আবারও কোনো মায়ের বুক খালি হোক।”তিনি আরও বলেন, “আমরা চাই দেশে সুস্থ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক, যেখানে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে।
সরকারের জনকল্যাণমুখী সকল কাজে আমরা সহযোগিতা করতে চাই।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমান। এছাড়াও ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তারা সরকারের প্রতি জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।বক্তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment