কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসমাবেশ ও বর্ণাঢ্য মিছিল
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণসমাবেশ, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন।
পরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলেও তারা জানান।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment