অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩
শাহাদাত হোসেন
নব জ্যোতি ডেস্ক:
নোয়াখালীর সদর উপজেলায় ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এতে সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় হামলাকারীরা সড়কের পাশে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।
এ ঘটনায় হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment