।।আবিষ্কৃত নূহ (আঃ)-এর নৌকা: এক ঐশ্বরিক নিদর্শনের সামনে দাঁড়িয়ে সত্যের সন্ধানে কিছু কথা।।
লেখক- মেছবাহ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক
সত্য অনুসন্ধান করা প্রতিটি বুদ্ধিমান মানুষের সহজাত গুণ। আমাদের চারপাশের বিশাল পৃথিবী, সুসংহত মহাবিশ্ব এবং মানবদেহের জটিল গঠন প্রমাণ করে যে এই সবকিছু কোনো আকস্মিকতার ফল নয়, বরং এক পরম মহান সৃষ্টিকর্তার সুনির্দিষ্ট পরিকল্পনার সৃষ্টি।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, "আমি প্রতিটি বস্তুকেই এক সুনির্দিষ্ট পরিমাপ ও পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেছি।" (সূরা আল-কামার, আয়াত: ৪৯)
পৃথিবীতে এসে কেবল ক্ষণস্থায়ী ভোগ-বিলাস করা মানুষের মূল লক্ষ্য হতে পারে না। ভোগ-বিলাস কেবল তাদের লক্ষ্য হওয়া মানায়, যাদের জীবন অনন্ত বা নিরন্তর। কিন্তু মানুষ তো ক্ষয়িষ্ণু ও নশ্বর। তুচ্ছ শুক্রবিন্দু থেকে মানুষের সৃষ্টি, আর শেষ পরিণতি সেই মাটির বুকেই মিশে যাওয়া। নিজের এই ক্ষুদ্রতা ও নশ্বরতা অনুধাবন করে এই সংক্ষিপ্ত জীবনকালের প্রকৃত উদ্দেশ্য নিয়ে চিন্তা করা প্রতিটি মানুষের প্রধান দায়িত্ব।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি ও পরিণতি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, "তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্রবিন্দু থেকে... যেন তোমরা নির্ধারিত এক সময়ে পৌঁছাতে পার এবং যাতে তোমরা অনুধাবন করতে পার।" (সূরা মু’মিন, আয়াত: ৬৭)
টাকার পাহাড় গড়ে বিশ্বের নামিদামি ব্যাংকে জমানো কিংবা উন্নত দেশে বিলাসবহুল প্ল্যাট ও ফ্লট কিনে অপচয় আর বিলাসিতায় মত্ত থাকা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ এই ধন-সম্পদ মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে না। সম্পদের মোহ ও অহংকার সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলেছেন, "যে অর্থ জমা করে এবং তা গণনা করে; সে মনে করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনোই নয়! সে তো অবশ্যই নিক্ষিপ্ত হবে চূর্ণ-বিচূর্ণকারী আগুনে।" (সূরা আল-হুমাযাহ, আয়াত: ২-৪)
ইসলামের যাত্রা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু নয়; বরং প্রথম মানব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকেই আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন হিসেবে ইসলামের পথচলা। মহাগ্রন্থ কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর অবতীর্ণ হলেও এতে রয়েছে পূর্ববর্তী নবী-রাসূলদের ইতিহাস, মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতির অস্তিত্ব, মাটির গভীরে প্রাকৃতিক সম্পদের বিবরণ, পৃথিবীর বাইরে গ্রহ-নক্ষত্রের গতিপথ, এমনকি সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য ও বৈজ্ঞানিক সত্যের অকাট্য বর্ণনা।
ঈমানের মূল ভিত্তিই হলো পূর্ববর্তী সকল নবী-রাসূল এবং তাঁদের ওপর নাযিলকৃত ওহীর প্রতি বিশ্বাস রাখা। ইতিহাসজুড়ে কোনো নবী বা রাসূল কখনোই মূর্তি পূজা করেননি; বরং আদি থেকে অন্ত পর্যন্ত সকল নবী-রাসূলের মূল মিশনই ছিল মূর্তি পূজা ও সকল প্রকার শিরক নির্মূল করে এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো এবং তাগুত (আল্লাহ ছাড়া অপরাপর উপাস্য বা মূর্তি) থেকে বেঁচে থাকো।" (সূরা আন-নহল, আয়াত: ৩৬)
হযরত ইব্রাহিম (আঃ) নিজের হাতে কাফেরদের তৈরি মূর্তি ভেঙে তাওহীদের ঘোষণা দিয়েছিলেন (সূরা আল-আনবিয়া: ৫৮), হযরত মুসা (আঃ) তাঁর জাতির তৈরি বাছুর পূজার কঠোর প্রতিরোধ করেছিলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) মক্কা বিজয়ের দিন কাবাগৃহের ৩৬০টি মূর্তি নিজ হাতে অপসারণ করে ঘোষণা করেছিলেন, "সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে।" এই ঐতিহাসিক সত্যগুলো প্রমাণ করে যে, আসমানী দ্বীন ইসলাম শুরু থেকেই মূর্তি পূজা ও বহুল ঈশ্বরবাদের বিপক্ষে অটল।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment